মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ আগস্ট উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া বটতলী-সিকদার বিল সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকৌশলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হবে।