কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ছিট পাইকেরছড়া ইউনিয়নের একটি বিল থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে পুলিশ। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সাপটিকে প্রকৃতিতে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
রোববার (২ আগস্ট) উপজেলার ছিট পাইকেরছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অজগরটি আটকা পড়ে। খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে গিয়ে জালে অবরুদ্ধ সাপটি উদ্ধার করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসেন।
পরে ভূরুঙ্গামারী উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহযোগিতায় অজগরটি কুড়িগ্রাম বন বিভাগের কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে পরবর্তী প্রক্রিয়ায় রংপুর বিভাগীয় বন অফিসে পাঠিয়ে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কয়েকদিন আগে দুধকুমার নদে ভারত থেকে উজানের পানির ঢল নেমেছিল। ধারণা করা হচ্ছে, আসামের কোনো পার্বত্য এলাকা বা বনাঞ্চল থেকে ভেসে এসে বার্মিজ অজগরটি ছিট পাইকেরছড়ার বিলে আটকা পড়ে। এ ধরনের বন্য প্রাণী ধরা পড়লে বা আটকা পড়লে কেউ যেন হত্যা না করে। দ্রুত বন বিভাগ বা দায়িত্বশীল কর্তৃপক্ষকে খবর দেওয়া উচিত। কারণ, প্রাণী ও পরিবেশ রক্ষা করা গেলে তবেই মানুষের জীবন-প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে।