পরিচ্ছন্ন পরিবেশ শুধু একটি এলাকার সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি সুস্থ ও নিরাপদ নাগরিক জীবনের অন্যতম ভিত্তি। একটি পরিচ্ছন্ন ড্রেন মানে জলাবদ্ধতামুক্ত রাস্তা, দুর্গন্ধহীন পরিবেশ এবং রোগবালাই থেকে মানুষের সুরক্ষা। এই মানবিক দায়বদ্ধতাকে সামনে রেখেই গতকাল বৃহস্পতিবার সারাদিনব্যাপী গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর দত্তপাড়া এলাকায় ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডজুড়ে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এ জনকল্যাণমূলক উদ্যোগে নেতৃত্ব দেন টঙ্গী নারী অধিকার পরিষদের সভানেত্রী ও ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানো, পরিবেশকে পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই বিভিন্ন সড়ক ও অলিগলির ড্রেন থেকে জমে থাকা ময়লা-আবর্জনা ও বর্জ্য অপসারণ করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয়, এটি নাগরিক সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধের প্রতীক। নিজের বাড়ির আঙিনা থেকে শুরু করে পুরো এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক কর্তব্য। সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য উদ্যোগ নিলেই একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।
ফারিবা চৌধুরী লেমি বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাই একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে জনকল্যাণমূলক প্রতিটি উদ্যোগে মানুষের সম্পৃক্ততা যত বাড়বে, আমাদের ওয়ার্ড তত বেশি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য হয়ে উঠবে। আমি সকলের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি।”
এলাকাবাসী এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এমন পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে জলাবদ্ধতা কমবে, পরিবেশ দূষণ হ্রাস পাবে এবং শিশু থেকে প্রবীণ সব শ্রেণির মানুষ একটি স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের সুযোগ পাবেন।
পরিচ্ছন্ন নগর গড়ার এই উদ্যোগ কেবল ড্রেন পরিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করার এক অনুকরণীয় প্রয়াস।