কিশোরগঞ্জের নিকলীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (দাবী) উদ্যোগে ও নিকলী ব্র্যাক অফিসের আয়োজনে কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ।
আয়োজকেরা জানান, হাওর অঞ্চলের প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া দিতে ও তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ‘সাইফন পাওয়ার টিলার’ কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে, যার অর্ধেক মূল্য ভর্তুকি হিসেবে দিচ্ছে ব্র্যাক কর্তৃপক্ষ।
উপকারভোগী সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গাজীপুর গ্রামের বাসিন্দা মারিয়া আক্তারের স্বামী মো. ফুয়েল তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন,
”১ লাখ ৮০ হাজার টাকা দামের এই পাওয়ার টিলারটি পেয়ে আমার খুব উপকার হয়েছে। এত টাকা একসঙ্গে জোগাড় করে এটা কেনা আমার পক্ষে কখনো সম্ভব ছিল না। ব্র্যাকের সহযোগিতায় আমি নিজে কিস্তিতে ৯০ হাজার টাকা পরিশোধ করব, আর বাকি ৯০ হাজার টাকা ব্র্যাক কর্তৃপক্ষ অনুদান হিসেবে দিয়েছে। এটি চালিয়ে আমি ও আমার পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারব, পাশাপাশি গ্রামের অন্য কৃষকেরাও উপকৃত হবেন।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (দাবী) সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. জমির আলী, এলাকা ব্যবস্থাপক মো. লিয়াকত হোসেন, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) রতন চন্দ্র পাল এবং নিকলী উপজেলা শাখা ব্যবস্থাপক (দাবী) মো. আবুল বাশার।
এছাড়াও শাখা ব্যবস্থাপক (ইউপিজি) আরিফ হোসেন, ব্র্যাক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাজমুল হোসেন এবং নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্যসহ ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে কৃষকদের পাওয়ার টিলার চালনা ও রক্ষণাবেক্ষণের ওপর একটি সংক্ষিপ্ত ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।