
রংপুরের গঙ্গাচড়ায় বাল্যবিবাহের হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহের কুফল, এর ফলে সৃষ্ট সামাজিক ও স্বাস্থ্যগত ঝুঁকি, আইনি জটিলতা এবং প্রতিরোধে ধর্মীয় প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় বুধবার (৬ মে) উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচকরা বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় নেতাদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ছাড়া বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু মো: আলেমুল বাসার, সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজামান, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।