
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার ৫৩ নম্বর ওয়ার্ডের বড়দেওড়া সিংবাড়ী মোড় একটি ব্যস্ততম জনপথ, যেখানে প্রতিদিন জীবিকার তাগিদে ছুটে চলে অসংখ্য মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের পদচারণায় মুখর এই সড়কটি সম্প্রতি পরিণত হয়েছিল দুর্ভোগের প্রতীকে। কিছু অসচেতন ও দায়িত্বহীন মানুষের কারণে এখানে গড়ে ওঠে বিশাল ময়লার স্তূপ, যা পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও হয়ে ওঠে মারাত্মক হুমকি।
পচা ময়লার তীব্র দুর্গন্ধ চারপাশের বাতাসকে বিষিয়ে তোলে। প্রতিদিনের চলাচল যেন হয়ে ওঠে এক নীরব যন্ত্রণা। পথচারীদের হাঁটাচলা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। বিশেষ করে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানার শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েন। যেখানে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ প্রত্যাশিত, সেখানে তারা বাধ্য হন নাক চেপে পথ অতিক্রম করতে।
এমন মানবিক সংকটময় মুহূর্তে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলীর কাছে। মানুষের দুর্ভোগকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে তিনি তাৎক্ষণিক উদ্যোগ নেন। গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক শওকত হোসেন সরকার ভাইয়ের নির্দেশে এই পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম অল্প সময়ের মধ্যেই সফলভাবে সম্পন্ন হয়। দীর্ঘদিনের জমে থাকা ময়লার স্তূপ সম্পূর্ণরূপে অপসারণ করা হলে এলাকাবাসীর মধ্যে ফিরে আসে স্বস্তি। ব্যস্ত এই মোড় যেন আবারও ফিরে পায় তার প্রাণচাঞ্চল্য স্বাভাবিক হয় চলাচল, ফিরে আসে নির্মল পরিবেশ।
এ বিষয়ে মোহাম্মদ আলী বলেন, প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই প্রমাণ করতে চাই আপনাদের স্বপ্নই আমার দায়িত্ব। তাঁর এই প্রত্যয়ের প্রতিফলন ঘটেছে বাস্তব কর্মকাণ্ডে, যা এলাকাবাসীর আস্থা আরও দৃঢ় করেছে।
বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ কুদ্দুস মোল্লা বলেন, “এটি শুধু একটি পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, বরং মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘদিনের ভোগান্তি থেকে আমরা মুক্তি পেয়েছি। এমন উদ্যোগ সমাজের অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।
৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, মানুষের কষ্ট বুঝে দ্রুত পদক্ষেপ নেওয়াই প্রকৃত নেতৃত্বের পরিচয়। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাই আরও সচেতন হবে।
এলাকাবাসী এই দ্রুত, কার্যকর ও মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকুক এবং নাগরিক সচেতনতার মাধ্যমে গড়ে উঠুক একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর পরিবেশ।
মানবিকতা, দায়িত্ববোধ ও সময়োপযোগী পদক্ষেপ এই তিনের সমন্বয়েই বদলে যেতে পারে একটি জনপদের চিত্র। বড়দেওড়া সিংবাড়ী মোড় আজ সেই পরিবর্তনেরই এক উজ্জ্বল উদাহরণ।