শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের আলম হাওলাদারের মেয়ে জিয়ানগর সরকারী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তারকে তার পিতা-মাতা তার মতের বিরুদ্ধে বাল্য বিবাহ দিতে চেয়েছে কিন্তু সে কিছুতেই এ বিবাহ করতে রাজি না।পরিবারের চাপে অতিষ্ঠ হয়ে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেতে সে গত শনিবার (১৮ এপ্রিল) জিয়ানগর থানায় আশ্রয় নেয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় তার বাল্যবিবাহের কার্যক্রম স্থগিত করা হয় এবং তার পিতা মাতার কাছ থেকে এ বিষয়ে মুচলেকা নেওয়া হয়।
বাল্যবিবাহ প্রতিরোধে তহমিনা আক্তারের এই সাহসী পদক্ষেপের স্বীকৃতি স্বরূপ বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ মহোদয় তাকে ‘কন্যা সাহসিকা’ সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও তার পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আর্থিক অনুদান প্রদান করেন এবং অনুদান অব্যাহত রাখার অঙ্গীকার প্রদান করেন।
তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে কঠোর অবস্থান নিতে নির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরেজান্নাত ফেরদৌসী প্রমুখ।