
জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় র্যালি। দুর্যোগ প্রস্তুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল এগারোটার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় র্যালি, আলোচনা সভা এবং অগ্নিনির্বাপণে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সভাকক্ষে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মামুন উর রশিদ, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম এবং ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মৈত্রি স্নাল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং এ লক্ষ্যে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তুলনামূলকভাবে বেশি এবং বিড়ি-সিগারেট, খড়ের পালা, বৈদ্যুতিক শর্ট সার্কিট ও গ্যাস সিলিন্ডার থেকে এসব অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকে। ক্ষয়ক্ষতি কমাতে বৈদ্যুতিক তারের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং গ্যাস সিলিন্ডার ব্যবহারের পাশাপাশি অগ্নিনির্বাপণের প্রস্তুতি রাখার পরামর্শ দেন তিনি।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অগ্নিনির্বাপণে বিশেষ মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারীর সদস্যরা। ড্রামের আগুন, গ্যাস সিলিন্ডারের আগুন এবং বহুতল ভবনের আগুন নেভানোসহ উদ্ধার কার্যক্রম প্রদর্শন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন উপ-সহকারী পরিচালক মামুন উর রশিদ।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।