
জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরে মাসব্যাপী মশা নিধন কর্মসূচির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের বড় দেওড়া এলাকার মৃধা বাড়ি ও আট বাড়ি এলাকায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী।
গত ৬ মার্চ প্রতিদিনের ন্যায় নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে এলাকাজুড়ে মশা নিধন অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় এলাকার বিভিন্ন ময়লা-আবর্জনার স্তুপ ও জলাবদ্ধ স্থানে মশা নিধনের ওষুধ স্প্রে করতে দেখা যায়।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল মশা নিধনের স্প্রে মেশিনটি তিনি নিজেই কাঁধে নিয়ে এলাকায় এলাকায় ঘুরে কার্যক্রম পরিচালনা করেন। তার এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসার সৃষ্টি করেছে। এলাকাবাসীর মতে, জনস্বার্থে এমন কার্যক্রম নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত।
এর আগে বড় দেওড়া মন্ডল মার্কেটস্থ বিএনপি অফিস থেকে এই মাসব্যাপী মশা নিধন কর্মসূচির ষষ্ঠদিন উক্ত কর্মসূচিতে এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতি এ উদ্যোগকে আরও অর্থবহ করে তোলে।
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলীর সার্বিক সহযোগিতা ও অর্থায়নে পরিচালিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহম্মেদ, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বড় দেওড়া গ্রাম বিএনপির সাবেক সভাপতি মোঃ কুদ্দুস মোল্লা, যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন, বিএনপির নেতা সাদী আবদুল্লাহ, যুবদল নেতা নজরুল ইসলাম, পারভেজসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় মোঃ কুদ্দুস মোল্লা বলেন, জনস্বার্থে মোহাম্মদ আলীর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
দৈনিক নওরোজের মফস্বল সম্পাদক মনসুর আহম্মেদ বলেন, নগর জীবনে মশার উপদ্রব একটি বড় সমস্যা। সমাজের সচেতন নাগরিকদের উদ্যোগে এ ধরনের কর্মসূচি বাস্তবায়িত হলে জনসাধারণ উপকৃত হবে।
সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন বলেন, মশার উপদ্রব এখন নগরবাসীর জন্য একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে জনস্বার্থে মোহাম্মদ আলীর মতো একজন রাজনৈতিক ও সামাজিক কর্মীর নিজ উদ্যোগে মাঠে নেমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি বলেন, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের অন্যান্য সচেতন মানুষদেরও অনুপ্রাণিত করবে।
মোহাম্মদ আলী বলেন, এলাকাবাসীকে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে রক্ষা করতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। জনস্বার্থে এই মাসব্যাপী মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি কর্মসূচিকে সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।