
বাংলাদেশ জাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসনে নির্বাচনী মাঠে রয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা সভাপতি মোঃ এমরান আল আমিন।
মোঃ এমরান আল আমিন ১৯৬৮ সালের ৮ মার্চ পঞ্চগড় জেলার বোদা উপজেলার সিপাইপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একটি শিক্ষিত ও সমাজসেবামূলক কৃষক পরিবারে বেড়ে ওঠেন। তাঁর পিতা মরহুম আলহাজ্ব আব্দুর রাজ্জাক ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা মরহুমা মোছাঃ রাবেয়া খাতুন একজন আদর্শ গৃহিণী।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এমরান আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। তিনি শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব শেষে বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি বোদা পৌরসভা চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন এবং একাধিকবার জাতীয় সংসদ ও জেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। নির্বাচন ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে তিনি বরাবরই সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।
সামাজিকভাবে তিনি শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক সংগঠন এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে সক্রিয়। শীতবস্ত্র বিতরণ, করোনা ত্রাণসহ দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
এমরান আল আমিন বলেন, নির্বাচিত হলে তিনি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান, বৈষম্য হ্রাস, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি বোদা ও দেবীগঞ্জবাসীর সমর্থন ও রায় কামনা করেন।