
বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষের সৌহার্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিপাড়া ইউনুসের মিলচাতাল, ঢোলর হাট ইউনিয়নের বড়ধাম, আকচা ইউনিয়ন, চিলারং ইউনিয়নের মানু বাবুর মন্দির, আখানগর ইউনিয়নের পাহাড়ভাঙ্গা হাই স্কুল মাঠসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমাকে হিন্দু ও আওয়ামী লীগের দালাল বলা হয়। যে যাই বলুক, আমি বলবো—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি ক্ষমতায় গেলে কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হতে দেওয়া হবে না, কোনো নিরপরাধ আওয়ামী লীগ কর্মীকেও হয়রানি করা হবে না।”
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, তারা ধর্মকে পুঁজি করে ভোট চাইছে এবং জান্নাতের লোভ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাসূলুল্লাহ (সা.)-এর দেখানো ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। কৃষকদের প্রতি অবহেলার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। পাশাপাশি গ্রামীণ নারীদের এনজিও ঋণও মওকুফ করার ঘোষণা দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মির্জা ফখরুল বলেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তিনি দাবি করেন, শেখ হাসিনা বলেছিলেন দেশ ছেড়ে পালাবেন না, অথচ বাস্তবে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।
শেষবারের মতো নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বহুদিন ধরে জনগণের সঙ্গে থেকেছেন, কখনো জিতেছেন কখনো হেরেছেন, কিন্তু জনগণকে ছেড়ে যাননি। বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছেন বলেও দাবি করেন তিনি এবং শেষবারের মতো ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।