শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নির্বাচনে জয়লাভ করলে দিনাজপুরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড়মাঠ প্রাঙ্গণে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা।
ডা. শফিকুর রহমান বলেন, “মহান আল্লাহর ওপর ভরসা করে বলতে চাই—উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচটি বছরই যথেষ্ট। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ইনশাল্লাহ এই অঞ্চলের আমূল পরিবর্তন সম্ভব।” তিনি আরও বলেন, উত্তরবঙ্গের মাটি উর্বর, এ অঞ্চল পিছিয়ে থাকার কোনো কারণ নেই; ষড়যন্ত্র ও বঞ্চনার মাধ্যমে এ অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে।
১০ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা আমাদের পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারি। আমরা কথা দিচ্ছি—নদীর জীবন যেমন ফিরে আসবে, তেমনি মানুষের জীবনেও প্রাণচাঞ্চল্য ফিরবে, ইনশাল্লাহ।”
তিনি সারাদেশের ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “যারা চুরি করে লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে সে অর্থ ফিরিয়ে আনা হবে। ভবিষ্যতে কাউকে আর দুর্নীতি করতে দেওয়া হবে না।”
ডা. শফিকুর রহমান বলেন, “আজকের জনসভায় শহীদ পরিবারের সদস্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের যোদ্ধা এবং ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত রয়েছেন। আমরা আপনাদের কাছে ঋণী। দেশসেবার সুযোগ পেলে আপনাদের সম্মান ও ঋণ পরিশোধের সর্বাত্মক চেষ্টা করব।”
সভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা ডা. আব্দুল আহাদ, দিনাজপুর-১ আসনের মতিউর রহমান, দিনাজপুর-২ আসনের একেএম আফজালুল আনাম, দিনাজপুর-৩ আসনের অ্যাডভোকেট মইনুল আলম, দিনাজপুর-৪ আসনের আফতাব উদ্দীন মোল্লা এবং দিনাজপুর-৬ আসনের আনোয়ারুল ইসলাম (সাবেক আমির, জেলা জামায়াত)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
সভা সঞ্চালনা করেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মুহাদ্দিস ড. এনামুল হক।