শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় পার্টি থেকে সহস্রাধিক নেতা-কর্মী বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এ যোগদান করেছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা জবেল হোসেন সরকার পাড়ায় আলহাজ্ব অপিয়ার রহমানের উঠানে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা ন্যাপে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাপ ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজু ও সদস্য সচিব মোফাকারুল ইসলাম পেলাম।
এ সময় জাতীয় পার্টি ডিমলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামানসহ সদ্য যোগদানকারী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ন্যাপই একমাত্র গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করছে। ন্যাপের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এ দলে যোগদান করেছেন।
বক্তারা আরও বলেন, ন্যাপ জনগণের দল—এ দল মানুষের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রাখে।
যোগদান অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।