শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
স্বাধীন বাংলাদেশের সাবেক প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় নেত্রকোনার কেন্দুয়ায় এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) বেলা ৩ ঘটিকায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে সাহিতপুর কালী মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
সাহিতপুর কালী মন্দিরে অনুষ্ঠিত এই প্রার্থনা সভায় প্রায় ৭০০ থেকে ৮০০ জন হিন্দু নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের এই অংশগ্রহণ প্রমাণ করে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের নেতা ছিলেন না; তিনি ছিলেন সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের ভালোবাসার নেত্রী।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের অধিকার, মর্যাদা ও সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে। দেশনেত্রীর আদর্শ ও সংগ্রাম আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বহুত্ববাদী রাজনৈতিক চেতনায় অবিচল থাকতে আজীবন অনুপ্রেরণা জোগাবে।” তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
উক্ত প্রার্থনা সভাটি আয়োজনে ছিল বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কেন্দুয়া উপজেলা শাখা। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিল বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কেন্দুয়া উপজেলা শাখা, নেত্রকোনা।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশনেত্রীর স্মৃতি চারণ করে বলেন, এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় সহনশীলতার এক শক্ত বার্তা বহন করে।