শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গণভোট মানে জনগণের সরাসরি মতামত এবং জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্রব্যবস্থা। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব।
গতকাল নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়া এবং জুলাই সনদের পক্ষে সমর্থন জানানো। তিনি বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়ার জন্য গণভোট একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
জামায়াত আমির আরও বলেন, গণভোটের মাধ্যমে অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এ সময় তিনি দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোটের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পেয়েছি।” তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, একটি ভোটও সত্য ও ন্যায়ের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পোস্টে তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সম্মিলিত সিদ্ধান্তই একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশের পথ তৈরি করবে।