শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) নিয়ে প্রচন্ডশীত ও ঘন খোয়াশা উপেক্ষা করে রাতের আঁধারে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন তিনি।
পৌষের ঝেঁকে বসা তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে চা-বাগান অধ্যুষিত ও দুর্গম এলাকার দরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, ঠিক তখনই হাজির হন ইউএনও।
বুধবার(৩১ ডিসেম্বর)দিবাগত রাতে তিনি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন, বিভিন্ন বাজার ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন ঘুমন্ত অসহায় মানুষদের গায়ে। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষজন।
এই মহতী উদ্যোগের সময় ইউএনও-র সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই কার্যক্রমের স্বচ্ছতা ও সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদকর্মীরাও প্রশাসনের এমন জনবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।