শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে পূর্বে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে রিফ্রেশার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল—“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।”
কেন্দুয়া উপজেলায় গত তিন বছরে গড়ে বছরে প্রায় তিনজন মানুষ আত্মহত্যা করছেন। কিশোর ও তরুণদের মধ্যে এ হার তুলনামূলক বেশি হওয়ায় উপজেলা প্রশাসন এর আগে দুই দিনের বিশেষ কর্মশালার আয়োজন করে। ওই কর্মশালায় আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ যুক্তরাষ্ট্রের একজন মেডিকেল অ্যানথ্রোপলজিস্ট, সুইডেন–ফিনল্যান্ডের দুজন সাইকোলজিস্ট, একজন বাংলাদেশি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং একজন খ্যাতনামা সাইকিয়াট্রিস্ট অংশ নেন।
ওই প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রায় ২০০ শিক্ষক, কমিউনিটি হেলথ ওয়ার্কার ও মাঠপর্যায়ের সহায়তাকারীদের দক্ষতা বাড়াতেই এ রিফ্রেশার্স ট্রেনিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁদের মাঠপর্যায়ের কাজ পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মনোবিজ্ঞানী ড. ইমদাদুল হক তালুকদার জানান, আত্মহত্যা প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “প্রশিক্ষণ শুধু আয়োজন নয়; তা মাঠে কাজে লাগানোই আমাদের মূল লক্ষ্য। শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা ঝুঁকিতে থাকা শিক্ষার্থী ও মানুষকে সঠিক সময়ে চিহ্নিত করতে পারলে অনেক জীবন বাঁচানো সম্ভব।”
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটিতে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি, ঝুঁকিপূর্ণ কিশোর–তরুণদের শনাক্ত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত রেফার করার বিষয়ে তাঁরা আরও স্পষ্ট ধারণা পেয়েছেন।
উপজেলা প্রশাসন জানায়, এ কার্যক্রমকে ভিত্তি করে পুরো উপজেলায় একটি কার্যকর ‘আত্মহত্যা প্রতিরোধ নেটওয়ার্ক’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।