শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক দুই বারের সাধারণ সম্পাদক ও সভাপতি মোঃ ফায়েজুল ইসলাম লাঞ্জু-কে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ ও মেলান্দহের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই সমাবেশ থেকে নিরপেক্ষ জরিপের মাধ্যমে তার জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।
হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষজন এতে অংশ নেন। সবার মুখে ছিল মোঃ ফায়েজুল ইসলাম লাঞ্জু-কে এই আসনে বিএনপি’র প্রার্থী করার স্লোগান।
বক্তারা বলেন, মোঃ ফায়েজুল ইসলাম লাঞ্জু দীর্ঘ রাজনৈতিক জীবনে মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র মতো গুরুত্বপূর্ণ ইউনিটে দুই বার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত। তার ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা এই আসনে বিএনপিকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সমাবেশ থেকে দাবি করা হয়।
বক্তব্য দিতে গিয়ে একজন স্থানীয় নেতা বলেন, আমরা চাই, দল একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ জরিপ পরিচালনা করুক। সেই জরিপে যদি মোঃ ফায়েজুল ইসলাম লাঞ্জু সবচেয়ে জনপ্রিয় প্রমাণিত হন, তবে তাকেই চূড়ান্ত মনোনয়ন দিতে হবে। এতেই কেবল এই আসন পুনরুদ্ধার করা সম্ভব।”
নির্বাচনী এলাকা পুনরুদ্ধারের প্রত্যয়
সমাবেশে উপস্থিত সর্বস্তরের জনগণ একযোগে ঘোষণা দেন যে, ফায়েজুল ইসলাম লাঞ্জুর মনোনয়ন নিশ্চিত হলে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আসনটি দলীয় হাই-কমান্ডকে উপহার দিতে বদ্ধপরিকর। তারা বিশ্বাস করেন, তাঁর নেতৃত্বেই মাদারগঞ্জ-মেলান্দহ আসনে দল ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।