শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৩১ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ইসির ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ তথ্য জানা যায়।
ইসির তথ্য অনুযায়ী, দুপুর ৪টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৩১ হাজার ৭০৯ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ২৭ হাজার ৬৪২ জন এবং নারী ভোটার ৪ হাজার ৬৭ জন। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা—৮ হাজার ৪২৫ জন। এরপর রয়েছে জাপান ৫ হাজার ৬৮৫, যুক্তরাষ্ট্র ৪ হাজার ৩০৩, দক্ষিণ আফ্রিকা ৩ হাজার ৫৭৬, কানাডা ২ হাজার ৬৭১, অস্ট্রেলিয়া ২ হাজার ৫০৫ ও চীন এক হাজার ৫৩৪ জন।
গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার প্রবাসীদের নিবন্ধন শুরু হয়, যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ২৩ নভেম্বর মধ্যরাত থেকে শুরু হয়েছে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন—এটিও চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
ইসি জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে। ভোট দিয়ে তারা তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটার সংখ্যা ৫০ লাখে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।
আগামী ধাপে সৌদি আরবের প্রবাসীরা ৪ থেকে ৮ ডিসেম্বর, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবাসীরা ৯ থেকে ১৩ ডিসেম্বর, মধ্যপ্রাচ্যের (সৌদি বাদে) প্রবাসীরা ১৪ থেকে ১৮ ডিসেম্বর নিবন্ধন করতে পারবেন। বাংলাদেশে থাকা সরকারি কর্মকর্তা, ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, কয়েদি ও অন্য দেশে থাকা ভোটাররা ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করার সুযোগ পাবেন।