শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হবে। তিনি দাবি করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় দেশবাসী অপেক্ষা করছে।
শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, অতীতের মতো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং বা কারসাজির চেষ্টা করা হলে জনগণ কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তিনি বলেন, জনগণ ভোট শুধু দেবে না—ভোটের পাহারাদার হিসেবেও দায়িত্ব পালন করবে। দেশের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “আমাদের লড়াই জুলুম-অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না।” তিনি আরও বলেন, জনগণের দেওয়া ভোটে জনগণের পছন্দের প্রার্থী নির্বাচিত হওয়া নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির দাবি করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাউকে ভয় দেখিয়ে পিছু হটানো যাবে না। তিনি বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে আমাদের থামিয়ে রাখা যাবে না।”
সম্মেলনে দলীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনঅধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।