শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে বর্ধিত সভা ও চতুর্থ বার্ষিক সম্মেলন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক এবাদুর রহমান জেমসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজকর্মী ও সংবাদকর্মী মোঃ আব্দুস সালাম।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি সাংবাদিক আব্দুল হামিদ, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুস সালাম খোকন, কাওসার আহমেদ, জয়নাল আবেদীন, এহিয়া আহমেদ রাফি, নাজমুল ইসলাম মুকুল, মালিক মিয়া, একুশের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি হোসেন বক্স এসএম মোমিন ইসলামসহ আরও অনেকে।
সভায় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম বলেন, “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে—এই চেতনা নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, গত ১২ বছর ধরে কমলগঞ্জে নিরপেক্ষ সংবাদ পরিবেশন, দুর্যোগকালীন সেবামূলক কার্যক্রম, স্বাস্থ্য সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, মাস্ক ও ওষুধসামগ্রী বিতরণসহ বিভিন্ন দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ প্রেসক্লাব।
কোভিড-১৯ মহামারি ও বিভিন্ন বন্যার সময় মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ব্যাপক মানবিক কার্যক্রম পরিচালনা এবং জেলার সাতটি উপজেলা থেকে ৭০ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান ছিল প্রেসক্লাবের উল্লেখযোগ্য অবদান।
উপস্থিত সভায় নয়া দিগন্ত পত্রিকা সাংবাদিক আব্দুল হামিদ বলেন—
“বাংলাদেশ প্রেসক্লাব কারও প্রতিদ্বন্দ্বী নয়। দেশ, জাতি ও মানুষের কল্যাণে একসাথে কাজ করতে চাই। কলম ও ক্যামেরায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।”
সভা শেষে আগামীর কার্যক্রম, সম্মেলনের প্রস্তুতি এবং সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।