শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বদদ্দীনি, কুফরি ও ভ্রান্ততার বিরুদ্ধে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মুসলমান পরিচয় নিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করা গোষ্ঠীর মোকাবিলায় আলেমসমাজকে আরও সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত জাতীয় উলামা সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের শীর্ষ আলেম, গবেষক, দাঈ ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় উলামা কাউন্সিলের সভাপতি ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ আরও অনেকে।
মাওলানা মামুনুল হক বলেন, ইসলামী রাজনীতিতে সবসময় মুখোমুখি অবস্থান নেওয়া যায় না; বরং সঠিক সময়ের অপেক্ষা করে লক্ষ্য অর্জনের জন্য ভূমিকা রাখতে হয়। তার মতে, বর্তমানে ইসলামী রাজনীতির “সোনালি সময়” বিরাজ করছে। তিনি দাবি করেন, ভবিষ্যতে কোনো জাতীয় বা রাষ্ট্রীয় সিদ্ধান্ত উলামায়ে কেরামকে বাদ দিয়ে গ্রহণ করতে দেওয়া হবে না। জাতীয় উলামা কাউন্সিলকে তিনি একটি সর্বজনীন ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, গত পনের–ষোলো বছর ফ্যাসিবাদের দমন-পীড়নের মধ্যেও উলামারা ঐক্য বজায় রেখেছেন। ৫ আগস্ট–পরবর্তী পরিস্থিতিতে কিছু মতভিন্নতা দেখা দিলেও সামনে আসা “সুবর্ণ সুযোগ” কাজে লাগাতে তিনি ঐক্য ও সংহতির ওপর জোর দেন।
মাওলানা আব্দুল হামিদ বলেন, “বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে মরবো, কিন্তু বিভক্ত হবো না।” তিনি কাদিয়ানীবিরোধী আন্দোলন প্রসঙ্গে বলেন, ১৬ নভেম্বরের আন্দোলন শেষ নয়, বরং শুরু হয়েছে; সরকারকে সুযোগ দেওয়া হলেও পরেরবার আর সুযোগ দেওয়া হবে না।
যুবসমাজের প্রতি আহ্বানে মাওলানা সাজিদুর রহমান বলেন, জ্ঞান ও যোগ্যতা অর্জনের মাধ্যমেই আলেমরা বড় হয়েছেন; তাই তরুণদেরও ইলমে দৃঢ় হতে হবে। তিনি বলেন, যারা কাজ করতে চায় তাদের বাধা দেওয়া হবে না এবং নিজেদের মধ্যেই বিভাজন তৈরি করা যাবে না।
সম্মেলনে আরও বক্তব্য দেন দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আলেম ও ইসলামী সংগঠনের নেতারা