শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
বর্তমানে দেশের কাঁচা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে তীব্র হাহাকার। বাজারে সবজি, মাছ, মাংসসহ প্রায় সব ধরনের পণ্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের আয় দিয়ে পরিবারের ন্যূনতম চাহিদা মেটানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। “ভাত আনতে পান্তা ফুরায়”—এমন অবস্থার কথাই তুলে ধরছেন অনেকেই। একদিকে আয় সীমিত, অন্যদিকে বাজারের লাগামহীন দামের কারণে মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, বাজারে পর্যাপ্ত তদারকির অভাব, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে উচ্চমূল্যে পণ্য কিনতে হচ্ছে।
এ অবস্থায় এলাকাবাসী সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তাদের দাবি, ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য সরকারিভাবে বিশেষ বাজার বা “ন্যায্যমূল্যের দোকান” চালু করা হোক, যাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ স্বস্তি পেতে পারে।
সচেতন মহলের মতে, বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং ভোক্তা অধিকার সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সাধারণ মানুষের একটাই প্রত্যাশা—দ্রুত বাজার নিয়ন্ত্রণে এনে তাদের মুখে আবার স্বস্তির হাসি ফিরিয়ে আনবে সরকার।