শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অরফ্যান স্পন্সরশিপ প্রোগ্রাম ইসলামিক রিলিফ বাংলাদেশের আয়োজনে রূপসা উপজেলার এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা অনুষ্ঠান ২৬ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় ফিল্ড অফিস রূপসার কার্যালয় অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার। এ সময় প্রধান অতিথি বলেন, কেবল ভালো ফল নয়, একজন আদর্শ নাগরিক হওয়ার প্রস্তুতিও নেওয়া জরুরি। নৈতিকতা, অধ্যবসায় ও আলোকিত চরিত্র গঠনে ছাত্রজীবনই হচ্ছে শ্রেষ্ঠ সময়।
সমাজে অনেকেই এতিম পরিবারকে দূরে রাখতে চায়। সেই এতিম পরিবারের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন ইসলামিক রিলিফ বাংলাদেশ। সংস্থাটি পিতা-মাতা হারা শিশুদের কে নৈতিক শিক্ষা ও আদর্শ জীবন গঠনের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। যা শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যতের পথ দেখায়।
অতিথিরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধির পাশাপাশি সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করে থাকে ইসলামিক রিলিফ বাংলাদেশ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সহায়তা, নৈতিক দিকনির্দেশনা ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
ফিল্ড ইনচার্জ রূপসাখুলনার মোঃ জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, জেকেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক শেখ। অনুষ্ঠানে ৪২ জন শিক্ষার্থীদের মাঝে ছাতা, ক্রেস্ট ও হটপট উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।