শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা দূরপাল্লার বাসগুলো যাতায়াত নিশ্চিত ও যাত্রীদের থেকে নির্ধারিত পরিমাণ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়।
শনিবার ৫ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪ ঘন্টাব্যাপি রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উত্তরা আর্মি ক্যাম্প।
এ সময় নির্ধারিত পরিমাণ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা সৌখিন এন্টারপ্রাইজ, লিমন এক্সপ্রেস, ইউনিটি পরিবহন ও দেশ ট্রাভেলস এর মোট ৬টি বাস শনাক্ত করে আনুমানিক ১০,০০০ টাকা অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের নিকট ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় এবং বাস মালিকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়।
সেনাবাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা।তারা জানান,প্রতি বছর ঈদ যাত্রায় পরিবহণগুলো অতিরিক্ত টাকা নেয়। এ সময় আমরা তাদের কাছে জিম্মি হয়ে পড়ি।আজকে সেনাবাহিনীর অভিযানে আদায়কৃত অতিরিক্ত টাকা ফেরত পেলাম। বিষয়টি অনেক আনন্দের ছিল।
উত্তরা আর্মি ক্যাম্পের একজন কর্মকর্তা জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সাধারণ যাত্রীদের আরো সচেতন হতে হবে। ঈদ যাত্রার পূর্ব থেকেই সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান রয়েছে। অতিরিক্ত ভাড়া রোধে এবং যাত্রীদের সুন্দরভাবে যাতায়াত নিশ্চিত করতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।