মহেশখালীতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি ০৮টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ০২
মোহাম্মদ সোহেল:স্টাফ রিপোর্টার কক্সবাজার।
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে পুলিশের অভিযানে ৮ টি অস্ত্র সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ দুপুরে মহেশখালী থানা মাঠে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মিডিয়া ফোকাল পয়েন্ট মোঃ অহিদুর রহমান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতান এবং ওসি (তদন্ত) প্রতুল কুমার শীলের নেতৃত্বে গতকাল রাত সোয়া ৯ টার দিকে উপজেলার ছোটমহেশখালী ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে পুলিশ চেকপোস্ট ডিউটি পরিচালনা করে একটি সিএনজি গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ট্র্যাভেল ব্যাগের ভিতর থেকে ৮ টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।এসময় অস্ত্র চালানের সাথে জড়িত ২ জন ব্যক্তিকে সিএনজি থেকে আটক করন। আটককৃতরা হলো – চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরের হরিনখাইন দীঘির পাড় এলাকার মোতাহের হোসেনের পুত্র মোঃ রুবেল মিয়া ও মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দে’র পুত্র মানিক দে। সিএনজি গাড়ি থেকে উদ্ধার ও জব্দকৃত অস্ত্র গুলো হলো – দেশীয় তৈরী রাইফেল ২ টি, দেশীয় তৈরী একনলা বন্দুক ৫ টি ও এলজি ১ টি। সর্বমোট ৮ টি অস্ত্র।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতান জানান, গত ২১ আগস্ট উপজেলার শাপলাপুর মিঠাছড়ি এলাকার গহীন পাহাড়ের ভিতরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামাদিসহ ১ জনকে আটক করা হয়েছিলো। এরপর থেকে জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অস্ত্র উদ্ধারে মহেশখালী বিভিন্ন পয়েন্টে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে ঠাকুরতলা মোড়ে পুলিশ চেকপোস্ট ডিউটি পরিচালনা করে ৮ টি অস্ত্র সহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। ওসি আরো জানান, এই অস্ত্র উদ্ধার এবং চালানের সাথে জড়িতদের আটক করতে পুলিশ অনেকদিন যাবত বিভিন্ন পয়েন্টে কাজ করছিলো। অপরাধীরা পুলিশের গতিবিধি টের পেয়ে সটকে পড়ে। অনেকদিন চোর-পুলিশ চোর-পুলিশ খেলা চলছিলো। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়তেই হলো অপরাধীদের।
ওসি মোঃ আব্দুস সুলতান- মহেশখালীতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। এছাড়াও তিনি অস্ত্র উদ্ধারে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সচেতন মহলের প্রতি আহ্বান জানান।