গাইবান্ধার ফুলছড়িতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজন পলাতক
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন জানালা দিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর ও ফুলছড়ি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ফুলছড়ি উপজেলার ২ নম্বর উদাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামের মো. রেজা মিয়ার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বাড়ির শয়নকক্ষে ইয়াবা সেবন ও কেনাবেচার অভিযোগে মো. রেজা মিয়া (৩৯) ও মো. আয়নাল হক (৪০) নামে দুইজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় মো. আনারুল ইসলাম (৩৫) নামে অপর এক ব্যক্তি শয়নকক্ষের জানালা দিয়ে কৌশলে পালিয়ে যায়।
পরে আটক মো. রেজা মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা ৫০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর আটক মো. আয়নাল হকের দেহ তল্লাশি করে একই ধরনের আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফুলছড়ি উপজেলার উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামের মৃত ইনছার আলীর ছেলে মো. রেজা মিয়া (৩৯) এবং একই গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মো. আয়নাল হক (৪০)। পলাতক ব্যক্তি একই গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মো. আনারুল ইসলাম (৩৫)।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজন এবং পলাতক আসামির বিরুদ্ধে ফুলছড়ি থানায় ২৯ আগস্ট ২০২৬ তারিখে মামলা নম্বর-০৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক)/৩৬(৫)/৪১ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।