সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আপনারা সাদা কে সাদা এবং কালোকে কালো বলতে শিখুন। যে কেউ অন্যায় করুক, আপনারা তা তুলে ধরবেন। এমনকি আমি যদি অন্যায় করি, আমার অন্যায়টাও তুলে ধরবেন; আবার আমি ভালো কিছু করলে সেটিও তুলে ধরবেন।” —সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন বক্তব্য দিয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “সত্য-মিথ্যা যাচাই না করে কারও কানকথায় কোনো গুজব ছড়াবেন না।” সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে অন্যায়-অনিয়ম হলে তা গণমাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে ভালো কাজেরও প্রচার করতে হবে।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে উঠে আসে। তাই কোনো পক্ষের প্রভাব বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় হিসেবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতির বক্তব্যে ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান জামায়াতের এমপি দায়িত্ব পাওয়ার সাড়ে পাঁচ মাসে উপজেলা পর্যায়ে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জামায়াতের দায়িত্বকালে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা ও এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, যাচাই করা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের অধিকার, এলাকার সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সাত্তার সাংবাদিকদের নিরপেক্ষতা, তথ্য যাচাই এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।