ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ, দেশপ্রেম, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নতুন প্রজন্মের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মাঝে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং সুনাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ পরিবারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জানানো হয়।