
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে প্রথমবারের মতো সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বোদা থানার একটি বিশেষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, বোদা থানার এসআই তৌহিদুল ইসলাম ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ময়দানদীঘি ইউনিয়নের মাহানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির অভিযোগে মোসাম্মৎ খোদেজা বেগম (৪৮) কে ১৮৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই সঙ্গে গাঁজা ক্রয় ও সেবনের অভিযোগে রিয়াদ হোসেন (২১) ও রশিদুল ইসলাম (২৪) নামে আরও দুই যুবককে পাঁচ গ্রাম করে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরে বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোয়েল রানার নির্দেশনায় আটক তিনজনকে উদ্ধারকৃত আলামতসহ বোদা আমলি আদালত-৩ এ উপস্থাপন করা হয়। সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন মুন্না সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।
বোদা থানার ওসি সোয়েল রানা জানান, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত অনেক আসামি দ্রুত জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তাই মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে এখন থেকে সামারি ট্রায়ালের মাধ্যমে দ্রুত বিচার ও সাজা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।