শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
আশুলিয়া থানার চাঞ্চল্যকর ও আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ফারুক হোসেন (৪৪) কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় যশোর জেলার মনিরামপুর থানার গাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৪ ও র্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মৌসুমী হক (৩১) আশুলিয়ার বাইপাইল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামী গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করার কারণে অধিকাংশ সময় কর্মস্থলে অবস্থান করতেন। এই সুযোগে দীর্ঘদিন ধরে অভিযুক্ত ফারুক হোসেন ভুক্তভোগীকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল।
অভিযোগে বলা হয়, গত ১৪ এপ্রিল ২০২৪ তারিখে ভুক্তভোগী বাসায় একা থাকাকালে ফারুক হোসেন জোরপূর্বক ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে তাকে কু-প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়। পরে মানসম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখলেও অভিযুক্তের লাগাতার হয়রানির কারণে ভুক্তভোগী আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়। মামলার পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব।