শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
দালাল নয়, মেডিকেল রিপ্রেজেনটেটিভ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”— এই স্লোগানকে সামনে রেখে খুলনার কয়রায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেনটেটিভরা।
আজ সোমবার সকাল ১০টায় কয়রা বাজারের মধুর মোড়ে কয়রা ও জায়গীরমহল ফারিয়ার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তারা উচ্চশিক্ষিত এবং যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু বিভিন্ন মহলে তাদেরকে ‘দালাল’ হিসেবে উপস্থাপন করে হেয় করা হচ্ছে, যা অত্যন্ত অসম্মানজনক। এই অপপ্রচার বন্ধ এবং পেশার মর্যাদা রক্ষার দাবিতেই তাদের এই কর্মসূচি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, একজন এমআরকে ন্যূনতম স্নাতক পাস হতে হয়। পণ্যের বৈজ্ঞানিক তথ্য, রোগতত্ত্ব ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা নিয়েই তারা চিকিৎসকদের সাথে কাজ করেন। স্বাস্থ্যখাতে নতুন ওষুধের তথ্য পৌঁছে দেওয়া এবং চিকিৎসকদের আপডেট রাখতে তাদের ভূমিকা অনস্বীকার্য।
বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তি বিশেষের দায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ পেশার সকলের ওপর চাপানো যাবে না। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং সামাজিক মর্যাদা নিশ্চিতের দাবি জানান।
কর্মসূচিতে কয়রা ও জায়গীরমহল ফারিয়ার নেতৃবৃন্দসহ বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেনটেটিভরা অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন শেষে তারা তাদের দাবিগুলো তুলে ধরেন।