শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
কিশোরগঞ্জের নিকলীতে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার ভাটি বরাটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে নাদিম (২৯) ও তার স্ত্রী রানু (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নির্দেশে এসআই রোমান খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ভাটি বরাটিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে নাদিম ও তার স্ত্রী রানুকে ইয়াবাসহ গ্রেফতার করা হলেও আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে নিকলীতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। মাদকের শিকড় উপড়ে ফেলতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
এ ঘটনায় পলাতক একজনসহ মোট তিনজনকে আসামি করে নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।