শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল স্কাইপ ফেনসিডিলসহ আরিফ মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের চক গোবিন্দ (গোহাটিপাড়া) এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আরিফ ওই এলাকার মৃত বদিউজ্জামালের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে আরিফের বাড়িতে ঝটিকা অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ২৯ বোতল নিষিদ্ধ স্কাইপ ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম অংশ নেয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃত আরিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
স্থানীয় এলাকাবাসী এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। যুবসমাজকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের নিয়মিত অভিযান অত্যন্ত জরুরি।
উল্লেখ্য যে, গোবিন্দগঞ্জ থানা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত এ ধরনের তদারকি ও অভিযান পরিচালনা করে আসছে।