
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এসকাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ মে) রাতে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের ভাংগাগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন মর্ণেয়ার চর এলাকার শুভ ইসলাম (২২) এবং মর্ণেয়া ভাংগাগড়া এলাকার সালমা বেগম (৪০)। অভিযানের সময় তাদের কাছ থেকে বেশ কিছু এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর। এসময় এসআই মশিউর, এসআই শাহিনুর, এসআই আজিবরসহ সঙ্গীয় ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন,
“মাদকমুক্ত সমাজ গঠনে গঙ্গাচড়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। পুলিশের সক্রিয় ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।