শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অদ্য ০৮ মে ২০২৬ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সাতছড়ি বিওপির টহলদল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি ভারতীয় গাঁজা এবং ০২ বোতল ভারতীয় KINGFISHER বিয়ার জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ৭৩ হাজার টাকা।
বিজিবি’র সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির টহলদল অদ্য ০৮ মে ২০২৬ তারিখ ভোর ৪টার সময়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী ছোনবাড়ী নামক স্থানে টহল পরিচালনার সময় পরিত্যাক্ত অবস্থায় চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশী করে মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা এবং ০২ বোতল ভারতীয় KINGFISHER বিয়ার জব্দ করে। জব্দকৃত গাঁজা এবং বিয়ার আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক জব্দ করার বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।