শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে “ত্রৈমাসিক রুকন সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা সেক্রটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম,জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা ছাদের আলী, উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি কাজী রুকুনুজামান বকুল।
সম্মেলনে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও হেদায়াতি বক্তব্য অনুষ্ঠিত হয়। বক্তারা রুকনদের মর্যাদা রক্ষা, দাওয়াতি কাজকে বেগবান করা, সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “একজন রুকন শুধু সংগঠনের কর্মী নন, তিনি ইসলামী আন্দোলনের আদর্শিক সৈনিক। তাই প্রত্যেক রুকনকে চরিত্র, আমল ও দায়িত্ববোধের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
তিনি আরও বলেন, ইসলামের সুমহান দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
সম্মেলনের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।