
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে পৃথক তিনটি অভিযানে মোট ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুড়িয়া হেরোইন, ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন টিম অংশ নেয়।
প্রথম অভিযানে ৪ মে রাত ৮টা ৪০ মিনিটে আশুলিয়ার বুড়িপাড়া এলাকা থেকে ফুল মিয়া (৩০) ও তৈয়ব আলী (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) এবং ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (আনুমানিক মূল্য ২৫ হাজার ২০০ টাকা) উদ্ধার করা হয়।
পরবর্তীতে ৫ মে রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম (২৮), আব্দুল মান্নান (৩৫) ও সুমন হোসেন (২২) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১০ গ্রাম, আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) উদ্ধার করা হয়।
অন্যদিকে, ৪ মে রাত ১১টা ২৫ মিনিটে সাভারের বক্তারপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে মাইডেল ওরফে মাইডা (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ (আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে শাহ আলম ও সুমন হোসেনের বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।