
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর পৃথক পৃথক বিশেষ অভিযানে ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে ৪ মে ২০২৬ রাত ৮টা ৪০ মিনিটে আশুলিয়ার বুড়িপাড়া এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন (মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা) এবং ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মূল্য আনুমানিক ২৫,২০০ টাকা) উদ্ধার করা হয়।
পরবর্তীতে ৫ মে ২০২৬ রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১০ গ্রাম, মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা) উদ্ধার করা হয়।
এছাড়া একই দিনে রাত ১১টা ২৫ মিনিটে সাভারের বক্তারপুর এলাকায় পৃথক অভিযানে আরও একজন মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ (মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
ধৃত সকল আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।