শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জয়দেবপুর থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কোর্ট হাজাতে পাঠানো হয়েছে।
শনিবার রাতে জয়দেবপুর থানার বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি দরগারচালা (তিতুলতলা) এলাকায় ফাতেমা বেগমের (৩৫) ঘরে পরিচালিত হয়। সেখান থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২,৬৯০ টাকা জব্দ করা হয়।
একই রাতে বানিয়ারচালা এলাকায় চালানো অভিযানে আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
সর্বশেষ অভিযানটি রাত ১১টার দিকে মনিপুর মধ্যপাড়া এলাকায় চালানো হয়। সেখান থেকে নুরুল ইসলাম, মাহিম হোসেন, ইমন হোসেন এবং মরিয়ম বেগমকে আটক করা হয়। নুরুল ইসলামের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা এবং নগদ ১৯,০৮০ টাকা, মাহিম হোসেনের কাছ থেকে ২৫ পিস এবং ইমন হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মরিয়ম বেগমের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কর জানান, পুলিশ সুপারের নির্দেশনায় থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ২৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা এবং নগদ ২১,৭৭০ টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ এমন অভিযান অব্যাহত রাখবে।