
ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযানে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ অন্যান্য সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০২ মে ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বিশমাইল বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোফাজ্জল হোসেন সাগর (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি আশুলিয়া থানার সন্দীপ এলাকার বাসিন্দা।
এ সময় তার কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১৩০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে তারা কঠোর অবস্থানে রয়েছে।