
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ১ জন চোর দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল ২৯ এপ্রিল রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার কুটিবাড়ী ও মুটুকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ সোহেল রানা (৩০), মামুন আহম্মেদ (৩৭), মোঃ রাজু হোসেন (৩৮) এবং মোঃ মিন্টু মিয়া (৩৮) নামে চারজন মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
অপরদিকে, একই দিন রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানার আউকপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে এসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে মোঃ হোসনে ভান্ডারী (৫০) নামে এক চোর দলের সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক ও অন্যান্য মামলা রয়েছে। এর মধ্যে মামুন আহম্মেদের বিরুদ্ধে ৪টি, রাজু হোসেনের বিরুদ্ধে ২টি, মিন্টু মিয়ার বিরুদ্ধে ৩টি এবং হোসনে ভান্ডারীর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।