শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ তিনজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এছাড়া বজ্রপাতের আঘাতে একটি গবাদিপশুও মারা গেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল চারটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ওই তিন যুবক ও শিশু বাড়ির পাশের রাস্তায় অবস্থান করছিলেন। আকস্মিক বিকট শব্দে তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা লুটিয়ে পড়েন এবং প্রাণ হারান। একই সময়ে তাদের পাশেই থাকা একটি গরুও ঘটনাস্থলে মারা যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা আহত শামীমকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের তিন তরুণের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।