শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নিজস্ব মোছাম্মৎ বিলকিস আক্তার স্টাফ রিপোর্টার দৈনিক আমার প্রাণের বাংলাদেশ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ধারাবাহিক ও জোরালো অভিযানে গৌরীপুর উপজেলায় ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোট ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, গলিত ১৫ গ্রাম ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২,৮৮০ টাকা উদ্ধার করা হয়। শনিবার (২৫ এপ্রিল) ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার-এর সার্বিক তত্ত্বাবধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করে। এরই অংশ হিসেবে ২৪ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গৌরীপুর থানাধীন বালিঝুড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা) এবং মাদক বিক্রির নগদ ২,৮৮০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মোঃ শাকিল (২২) ও মোঃ শাজাহান মিয়া (৪৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা গৌরীপুর উপজেলার মোনাটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশের অপর একটি দল একই অভিযানের ধারাবাহিকতায় ২৫ এপ্রিল দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে গৌরীপুর থানার সরিষাহাটি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসময় ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং গলিত অবস্থায় থাকা ১৫ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার টাকা। এ ঘটনায় মোঃ আলমগীর (২৫) ও মোছাঃ শাবানা ওরফে নিপা (২৪) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তারা যথাক্রমে কিল্লা তাজপুর ও সরিষাহাটি এলাকার বাসিন্দা।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির একটি চক্র পরিচালনা করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকার বিষয়ে গৌরীপুর থানায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ডিবি পুলিশও জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।