
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের প্রস্তুতি ও সমন্বয় জোরদারের লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের সঙ্গে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লক্ষীটারী ইউনিয়ন পরিষদ হলরুমে জাগরণী চক্র ফাউন্ডেশন বাস্তবায়িত ‘মর্যাদা’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল-হাদী।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, ‘মর্যাদা’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফুজা খাতুন, ইউনিট ম্যানেজার মোঃ নূর আলম এবং ফিল্ড ফ্যাসিলিটেটর বন্যা রানী মহন্ত। এছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নূরুল হক উপস্থিত ছিলেন।
লক্ষীটারী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত স্বেচ্ছাসেবকরাও সভায় অংশগ্রহণ করেন।
সভায় দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের কার্যকর ভূমিকা, আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে প্রশিক্ষিত ও সক্রিয় স্বেচ্ছাসেবক দল গড়ে তোলা অত্যন্ত জরুরি।
সভা শেষে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।