
পঞ্চগড়ের দেবীগঞ্জে তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার সঙ্গে থাকা এক আনসার সদস্যকেও মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ভাউলাগঞ্জের একটি ফিলিং স্টেশনে।
শনিবার সকাল থেকেই ভাউলাগঞ্জে অবস্থিত মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে তেল নিতে ভিড় করেন বিভিন্ন এলাকা থেকে আসা মোটরসাইকেল চালকরা। ডোমার, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মানুষের কারণে দীর্ঘ লাইন তৈরি হয়।
বেলা সাড়ে ১২টার দিকে তেল সরবরাহ পরিস্থিতি পরিদর্শনে সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এ সময় তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে নির্দেশ দেন।
নির্দেশ অমান্য করায় দুইজন চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাইনে অপেক্ষমাণ ৩০ থেকে ৪০ জন চালক হট্টগোল শুরু করে এবং একপর্যায়ে ইউএনও ও তার সঙ্গে থাকা আনসার সদস্যের ওপর চড়াও হয়।
এ সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করা হয় এবং তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইউএনওকে পাশের একটি বাড়িতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই পাম্পে তেল বিক্রি বন্ধ থাকবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে তারা।