
গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল ) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাদের ব্যবহৃত দুটি মোবাইল নাম্বার থেকে “আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র”-এর ভারপ্রাপ্ত পরিচালকের ব্যবহৃত নম্বরে ফোন করে পাপ্পু সরকারের নাম ব্যবহার করে ৩ লাখ টাকা দাবি করে।
অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রাজন বলেন, পাপ্পু সরকারের নাম ব্যবহার করে কারাগার থেকে লোক ছাড়িয়ে আনার কথা বলে তারা ফোনে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লোক পাঠিয়ে ক্ষতি করার ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।