
গাজীপুরের টঙ্গীতে এক অটোরিকশা চালককে মারধর করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আল আমিন (২৭) টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর বেক্সিমকো মোড় এলাকায় অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সাকিন (১৯) ও হৃদয় (২১)সহ অজ্ঞাত আরও দুইজন তার পথরোধ করে।
এ সময় হৃদয় তাকে চেপে ধরে রাখে এবং সাকিন লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রিক্সা চালকের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে।
পরে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে চালকের কাছে থাকা প্রায় ৮৫০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত আল আমিন স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল-এ চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।