
ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে মোট ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ১ জন ছিনতাইকারী রয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৮০০ পুড়িয়া হেরোইন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জামাদি।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম অভিযান পরিচালনা করে। সাভার ও আশুলিয়া থানা এলাকায় ধারাবাহিক অভিযানে মাদকসহ আসামীদের গ্রেফতার করা হয়।
সাভারের ফুলবাড়িয়া স্ট্যান্ড এলাকা থেকে ৬০০ পুড়িয়া হেরোইনসহ ৪ জন, আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ২০০ পুড়িয়া হেরোইনসহ ২ জন, পোড়াবাড়ি বেদেপল্লী এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ ১ জন এবং ওয়াবদা রোড এলাকা থেকে ২০ লিটার চোলাই মদসহ ১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সাভার ব্যাংক কলোনী এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।