শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরিফ(১৯) ও সোহান (১৭) নামে ২ (দুই) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ (ছয়) টায় দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের আড়ুয়াকান্দি ময়নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান একই গ্রামের শিপন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার আগে একটি নাম্বার প্লেট বিহীন পালসার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে আড়ুয়াকান্দি ময়নার মোড়ে এসে একটি থ্রি হুইলার মাহিন্দ্রকে ওভারটেক করার সময় ধাক্কা খেয়ে সড়কের উপর ছিটকে পড়ে তাঁরা। সেসময় ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি বালি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৩৭৫২) তাঁদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. জাহানুর আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।